ফরিদপুরে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় জনসমাগম পরিহার করার লক্ষে নতুন আরেকটি গণবিজ্ঞাপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঔষধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোন প্রকার যানবাহন এ জেলা হতে বাহিরে যাবে না এবং বাহির হতে এ জেলায় প্রবেশ করবে না।
নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, করোনারোধে গত মাসের ২৩ মার্চ প্রথম একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সেখানে খাদ্যদ্রব্যের পাইকারী বাজার বেলা ১২ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমতি সাপেক্ষে খোলা থাকবে বলে উল্লেখ ছিল।