নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৪০ বছর বয়সী আরও এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে ওই যুবকের বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জের কিসমত বারেগা এলাকায় নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবকের মৃতদেহের কাছে স্বজনসহ কাউকে যেতে দিচ্ছে না পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, ওই যুবকের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাতটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। আর মৃতদেহের কাছে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় সুরক্ষা পোশাক পরে মৃতদেহ দাফন করা হবে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ওই যুবক করোনায় আক্রান্ত কি না তা নমুনা পরীক্ষার পর জানা যাবে। নমুনা পরীক্ষার আগ পর্যন্ত আশপাশের সাত বাড়ি লকডাউন থাকবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস