নারায়ণগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একজন ওয়ার্ডবয় ও দুইজন নার্স করোনায় আক্রান্ত হওয়ায় জরুরী বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) রাতে পজেটিভ রিপোর্ট আসার পর ১০টা থেকে জরুরী বিভাগ সাময়িক বন্ধ রাখার ঘোষণা আসে। রোগ গোপন করে চিকিৎসা নিতে আসা ৩ রোগীর সংস্পর্শে এসেছিলেন তারা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) জরুরী বিভাগ জীবাণুমুক্ত করার পর ফের খুলে দেয়া হবে। আর এ সময়টাতে এ হাসপাতালে না এসে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, ‘ইতোমধ্যে নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগ এলাকাতে একজন নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে ওই নারীকে ১০০ শয্যা হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
এছাড়াও পরবর্তীতে আরো দুইজন আক্রান্ত রোগী রোগ গোপন করে ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। এসব কারণে জরুরী বিভাগের কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার প্রদত্ত রিপোর্টে নার্স ও ওয়ার্ডবয়সহ তিনজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
ওই তিনজনকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। সে কারণেই আপাতত জরুরী বিভাগ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার জরুরী বিভাগ জীবাণুমুক্ত করা হবে। জরুরী বিভাগ বন্ধ থাকলেও বহির্বিভাগ ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রয়েছে ও থাকবে।
বার্তাবাজার/এমকে