বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীনকে। তাকে আটক করা ব্যপারটি নিশ্চিত করেছেন জেল সুপার শাহজাহান আহমেদ। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
কারা কর্মকর্তা তরিকুল ইসলাম শাহীন চট্টগ্রামের সীতাকুন্ডের ইয়াকুব নগর গ্রামের ফুল মিয়ার ছেলে। ১৯৯৬ সালে চাকুরিতে যোগ দেন শাহীন।
জেল সুপার শাহজাহান আহমেদ আরও জানান, শাহীন (নং-২১৫৯৯) কারাগারের ভেতরে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক বেচা কেনা করে আসছিল। প্রমাণের অভাবে ধরা যাচ্ছিল না।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার আগে ডিউটিতে আসার সময় শাহীন সাথে করে বিপুল পরিমান ইয়াবা নিয়ে আসছিল বিক্রির জন্য। বেলা ১১টার দিকে তাকে কারাগারের গেইট থেকে ডেকে নিয়ে জেলসুপারের কক্ষে তাকে তল্লাশী করা হয়। এসময় তার পকেটের থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ১০৬ পিস ইয়াবা ও নগদ ৩০৬০ টাকা ুদ্ধার করা হয়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে আরও ৪১৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেল সুপার আরও জানান, কারাগারে ইয়াবা পাচারের দায়ে সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে