ঝালকাঠিতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মনির হোসেনের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান বলেন, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রাণের সরকারি (২৫’শ কেজি) চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
এনডিসি আহমেদ হাসান আরও বলেন, সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি। এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
বার্তাবাজার/এমকে