প্রথমবারের মতো শেরপুরে ২ নারী করোনায় আক্রান্ত, ২০ বাড়ি লকডাউন

সারা দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত হলেও শেরপুরে প্রথম ২ নারী আক্রান্ত হয়েছে। দুজনের মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫০) এবং অন্যজন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের গৃহবধূ (৪০)।

ওই ঘটনায় হাসপাতালের নারী স্টাফের আট সদস্য ও ওই গৃহবধূর ১১ সদস্যদের বাড়িসহ আশেপাশের অন্ততঃ ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। আর উভয়ের পরিবারের অন্যান্য সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

এদিকে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবরে ওই দুই মহিলার স্ব-স্ব এলাকাসহ খোদ জেলায় করোনা আতঙ্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

৫ এপ্রিল রবিবার রাত সোয়া ৮টায় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করে জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের কারণে শনিবার সদর উপজেলার ওই গৃহবধূ এবং শ্রীবরদী উপজেলার ওই হাসপাতাল স্টাফসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়।

রবিবার রাত ৮টার দিকে তাদের পরীক্ষার ফলাফলের মধ্যে ওই ২ জনের ফলাফল পজেটিভ আসে। এর ফলে হাসপাতালের ওই নারী স্টাফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও সদর উপজেলার ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। আর উভয়ের বাড়ির অন্যান্য সদস্যদের আপাতত রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রয়োজনে পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর