মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সামাজিক-শারীরিক দূরত্ব নিশ্চিতে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। পণ্যবাহী মোটরযানে যাত্রী পরিবহনেও ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পণ্যবাহী মোটরযানে যাত্রী বহন করা হচ্ছে। সাধারণ ছুটি চলাকালীন পণ্যবাহী মোটরযানে যাত্রী পরিবহন করলেই ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (০৫ এপ্রিল) বিআরটিএয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাে. লােকমান হােসেন মােল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রােধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে যােগাযােগ করে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিআরটিএয়ের সব সার্কেলের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ লক্ষ্যে এক বিজ্ঞপ্তিও জারি করেছে বিআরটিএ সদর দফতর।
বিআরটিএ এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাে. লােকমান হােসেন মােল্লা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকার লক্ষ্যে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহন চলাচলে এবং পণ্যবাহী মোটরযানে যাত্রী পরিবহনে ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে।
বার্তাবাজার/এমকে