করোনা ভাইরাসের এমন দুর্যোগের সময়ে গার্মেন্টস শ্রমিকরা পায়ে হেঁটে ঢাকায় আসার বিয়য়ে মালিকপক্ষকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
তিনি বলেন,’মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা বাজেট ঘোষণা দেয়ার পরও, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে টাকা এবং লাভের আশায় তারা শ্রমিকদের মানুষই মনে করেন না। এখন আমি প্রধানমন্ত্রীকে বলব, এই অসভ্যদের একটা টাকাও দেয়া দরকার নেই। এরা শুধু অসভ্য না, এরা গার্মেন্টস শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’।
রোববার (৫ এপ্রিল) হবিগঞ্জের চুনারুঘাটের নিজ বাড়ির সামনে থেকে ফেসবুক লাইভে এসে তিনি এ সব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন ‘শ্রমিকদের রক্ত চুষে টাকা নিয়ে গার্মেন্টস মালিকরা কানাডায় সেকেন্ড হোম তৈরি করেন। শ্রমিকদের মানুষ মনে করেন না। করোনার মধ্যেও গার্মেন্টস মালিকরা লাভ করছেন, আগেও করতেন আগামীতেও করবেন। এই একটা দেশে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ছাড়া কারও ওপর ভরসা করার কোনো কিছু পাচ্ছি না।’
তিনি বলেন, ‘অনেক দিন আগে থেকে শুনতাম গার্মেন্টস শ্রমিকদের নির্যাতন করা হতো। অর্থনৈতিক কারণে এই নির্যাতন মেনে নেয়া হতো। অনেক সময় বিশ্বাস করতাম না।’
সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সারাদেশে যখন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, তখন গার্মেন্টস মালিকরা শ্রমিকদের এরকম করোনাভাইরাসের মধ্যে হাঁটাইয়া হাঁটাইয়া ঢাকায় নিয়ে এসেছেন। কিছু কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের মানুষই মনে করেন না। শ্রমিকদের যদি মানুষই মনে করতেন, অন্তত আরও দুই সপ্তাহ ওয়েট করতেন।’
তিনি আরও বলেন, ‘ভাইরাসের পরবর্তী সমস্যা কী কী হবে তা আমরা জানি না। কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায় বসে বসে সিদ্ধান্ত নেন। নইলে ব্যবসায়ীরা এমন নেতা হয়েছে, লাভ আর লোভ ছাড়া কিছুই বুঝতে চায় না। তারপরও বলছি এখনও সময় আছে করোনা কিন্তু কাউকে ছাড়বে না। আবারও বলছি, করোনা কাউকে ছাড়বে না। শুধু আমার মতো গরিব লোককে করোনা ধরবে এটা চিন্তা করার কোনো কারণ নেই। মরবে তো মরবে কিন্তু সবাইকে নিয়ে মরবে। দুনিয়াতে জায়গা হবে না আখেরাতে জায়গা হবে না।’
বার্তাবাজার/এসজে