রাজধানী ঢাকার যে দুটি এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে রাজধানী ঢাকার দুটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ‘আইইডিসিআর’। ঝুঁকিপূর্ণ এলাকা দুটি হলো- বাসাবো ও মিরপুর এলাকা।

রবিবার (০৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাসের কারণে ঢাকার বাসাবো ও মিরপুর বিশেষ করে মিরপুরের টোলারবাগকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকা দুটিতে এ পর্যন্ত ২২ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

তিনি আরও বলেন, এ দুটি এলাকায় কেবল রোগী নয়, রোগীর সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকা দুটিতে যাদের মধ্যে মৃদু লক্ষণ দেখা যাচ্ছে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। যাতে আক্রান্তদের মাধ্যমে করোনাভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে না পারে।

আইইডিসিআর পরিচালক জানান, আমাদের প্রথম থেকেই কৌশল ছিল রোগী শনাক্ত হওয়ার পর দ্রুত আক্রান্তকে আইসোলেশনে রাখা। আমরা সেই প্রস্তুতি অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি সবার প্রতি অনুরোধ রাখব, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।

আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত ৮৮ জনের মধ্যে ১১ জনই রাজধানীর মিরপুর এলাকার। এ ছাড়া বাসাবো এলাকায় ৯ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর