দিনাজপুরের সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় শহিদুল ইসলাম (৩০) নামের এক ইজিবাইক চালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) সকালে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী নামকস্থানে ধানক্ষেতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালের দিকে পাঁচবাড়ী এলাকায় ধান ক্ষেতে শহিদুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে কোতয়ালি থানার পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দিনাজপুর কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শহিদুলের লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রদ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এঘটনায় দিনাজপুর কোতয়ালি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস