ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সিগারেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় ওই আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে পুলিশ।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দের উপস্থিতিতে শনিবার রাতে ময়েনদিয়া গ্রামে ময়েনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ২টি রামদা, ১টি ছুরি, ৫টি বর্শা, ২০টি সড়কি, ৫টি ফলা ও ২০টি ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
তিনি জানান, এ সময় তার বাড়ি থেকে মজুদকৃত ৫ লক্ষাধিক টাকার ১ লাখ শলাকা সিগারেটও জব্দ করা হয়। এরপর রোববার ভোররাতে পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রাম থেকে মান্নান মাতুব্বরের ছেলে মজনু মাতুব্বরকে আটক করা হয়।
আব্দুল মান্নান মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এ ঘটনায় শনিবার রাতেই বোয়ালমারী থানার এএসআই দিপঙ্কর স্যানাল বাদী হয়ে অস্ত্র আইনে ও অবৈধ মজুূদ রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত , গতকাল শনিবার সকালে করোনা ভারইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ময়েনদিয়া বাজারে পুলিশ গেলে মান্নান মাতুব্বরের নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। এতে চার পুলিশ আহত হন। এ ঘটনায় এএসআই শাহাদত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর রাতে এই অভিযান চালানো হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস