মানিকগঞ্জের সিংগাইরে ফরিদপুর থেকে তাবলীগ জামাতে আসা এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বয়স ৬০ বছর। এঘটনায় সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। রবিবার সকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও রুনা লায়লা জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যর একটি তাবলীগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে আব্দুল বাকীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্নীয়র সাথে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনা ভাইরাস দেখা গেলে তাকে আইইডিসিআরের তত্বাবধায়নে রাখা হয়েছে।
আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।
এদিকে আব্দুল বাকীর সাথে থাকা ১১ সদস্য ও স্থানীয় ৬ জন এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরো জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে আব্দুল বাকীর করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এঘটনায় সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তা বাজার/ডাব্লিও.এস