দুধ কেনার টাকা না থাকায় অন্যের হাতে তুলে দিলেন ২৩ দিনের ছেলেকে

চট্টগ্রামের হাটহাজারীতে দুধ কেনার টাকা না থাকায় নিজের ২৩ দিন বয়সের ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।

গতকাল শনিবার(৪ এপ্রিল) উপজেলার ৪ নম্বর গুমানমর্দ্দন ইউপির ২ নম্বর ওয়ার্ডের কালাগাজী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা নুর আহম্মদ জানান, সাত বছর আগে পার্শ্ববর্তী মির্জাপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শামিমা আক্তারের সঙ্গে বিয়ে হয় তার। এরমধ্যে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২৩ দিন আগে তার ঘরে দ্বিতীয় ছেলের জন্ম হয়। তার নাম রাখা হয় মোজাহেদ।

নবজাতকের ভরণ-পোষণ চালানো তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তা ছাড়া নবজাতক তার মায়ের কাছ থেকে বুকের দুধ পাচ্ছে না। বাইরে থেকে শিশুর জন্য দুধ কেনাও তার পক্ষে সম্ভব না।

তাই নিজের ২৩ দিন বয়সের ছেলেকে রাউজান উপজেলার গহিরা এলাকার ইদ্রিস নামে নিঃসন্তান এক ব্যক্তির কাছে ‘দত্তক’ হিসেবে দিয়েছেন। তিনি সন্তান বিক্রির কথা অস্বীকার করে জানান, খুশি হয়ে ইদ্রিস নামে ওই ব্যক্তি তাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন।

শনিবার বিষয়টি অবহিত হলে উপজেলার ৪ নম্বর গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান নবজাতকের মা-বাবাকে ইউপিতে বিকেল সাড়ে ৫টার দিকে ডেকে আনেন। সেখানে ওই শিশুকে গ্রহণকারী মো. ইদ্রিসকেও ডেকে পাঠানো হয়।

চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এ ব্যাপারে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়া হবে।

বার্তাবাজা/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর