প্রাণঘাতী করোনাভাইরাসে নারায়ণগঞ্জে হাজী আবু সাঈদ (৫৫) নামে এক বৃদ্ধ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইইডিসিআরের রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে তার ছেলে রবিন ও তার কয়েক জন বন্ধু ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করান। কিন্তু সারাদিন চেপে রাখলে রাত ১০টায় গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি প্রকাশ হয়ে যায়।
সূত্রে জানা যায়, আবু সাঈদ নামে ওই বৃদ্ধ গত ৮-৯ দিন ধরে জ্বর-সর্দি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কদিন বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার তার অবস্থার অবনতি হলে বিভিন্ন স্থানে ভর্তি করানোর চেষ্টা করে ব্যর্থ হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯ টায় তিনি মারা যান।
সূত্রে আরও জানা যায়, আবু সাঈদ মারা যাওয়ার পর মরদেহ তার ছেলে রবিন বাংলাবাজার নিয়ে আসতে চাইলে বন্ধুরা বাধ সাধেন এবং আইইডিসিআরে পরীক্ষা করাতে বলেন। পরে, আইইডিসিআরে সংবাদ দেওয়া হলে নিহত আবু সাঈদের নমুনা সংগ্রহ করা হয়। পরে এদিন রাতে আইইডিসিআরের রিপোর্টে তার পজিটিভ আসে। এরপরই বিশেষ ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনায় খিলগাঁ তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে এ ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, এমন কোনো খবর আইইডিসিআর আমাদেরকে জানায়নি। স্থানীয় পর্যায় থেকে এ খবর পাচ্ছি। এ বিষয়ে আমরা নিশ্চিত নই।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মরহুমের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির নাম হাজী আবু সাঈদ। তিনি বাংলাবাজার আমবাগান মঞ্জিলের বাসিন্দা। তিনি শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যু সনদে তাই লেখা রয়েছে। আমরা এখনও ওই এলাকার ব্যাপার কোনো সিদ্ধান্ত নিইনি। তবে, এলাকাবাসীকে সতর্ক ভাবে চলাফেরা করতে বলেছি।
বার্তাবাজার/এমকে