মিরপুরে বৃদ্ধের মৃত্যুর পর ৩ ভবন লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে এক বৃদ্ধের (৬৮) মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) ওই বাড়িসহ তিনটি ৬তলা ভবন লকডাউন করে পাহারা বসিয়েছে পুলিশ। যে ব্যক্তি মারা গেছেন, তাঁর ছেলে স্ত্রী ও সন্তান নিয়ে মিরপুরে ঢাকা কর্মাস কলেজের পেছনে শিক্ষকদের কোয়ার্টারে থাকেন। সেই ফ্ল্যাটে থাকা তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে পল্লবী থানার অফিচার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই সব ভবনে জরুরি প্রয়োজনে একজনের বেশি কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। তাঁরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে আনতে পারবেন। তা ছাড়া লকডাউনে থাকা ব্যক্তিদের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে।

পল্লবী থানার পুলিশ বলেন, মৃত ব্যক্তি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গত ২৬ মার্চ ওই ব্যক্তির প্রচণ্ড হাঁচি শুরু হয়। তখন তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাসায় আসার পর তাঁর হাঁচি বাড়তে থাকে। এরপর তাঁর শরীরে জ্বর দেখা দেয়। ২ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। ওই হাসপাতালে গত শুক্রবার দুপুরে তিনি মারা যান। তাঁকে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে।

শাহ আলী থানার অফিচার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, কমার্স কলেজের শিক্ষক মিরপুর ১১ নম্বর সেকশনে তাঁর বাবার বাসায় কোয়ারেন্টিনে আছেন। সামাজিক সংক্রমণ প্রতিরোধে কোয়ার্টারে থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তানকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রেখে পুলিশ নজরদারি করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর