চাঁদপুরে প্রাণঘাতী করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক বৃদ্ধা মারা গেছেন। ওই বাড়ির তিনটি পরিবারের ২০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) মৃতের বাড়িটি লক ডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের বাড়িতে জ্বর সর্দি ও কাশি নিয়ে মারা যান জুলেখা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধা। মারা যাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি জানানো হয় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের।
শনিবার বিকেলে নির্ধারিত নিয়ম মেনে ওই বৃদ্ধাকে দাফন করা হয়। পরে ওই বৃদ্ধার বাড়ির তিনটি পরিবারের ২০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে তাদের বাড়িটি লক ডাউন করা হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা একাই একটি বসতঘরে থাকতেন। গত কয়েকদিন আগে বাড়ি থেকে নারায়ণগঞ্জে যান তিনি। সেখান থেকে মাত্র দুই দিন আগে গ্রামের বাড়িতে ফিরেন। তারপরই অসুস্থ অবস্থায় মারা যান। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়েছেন এমন ১০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে