হোম কোয়ারেন্টাইন সমাপ্তিকারীদের সিএমপি’র সনদ বিতরণ
চট্টগ্রামে হোম কোয়ারান্টাইন সম্পন্নকারী নাগরিক ও প্রবাসীদের মাঝে সনদ বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে হোম কোয়ারান্টাইন সম্পন্নকারী নাগরিকদের সনদপত্র বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
হোম কোয়ারেন্টাইন সমাপ্তিকরণ উপলক্ষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। তিনি নগরীর ১৬ থানায় ১০ জন করে মোট ১৬০ জন হোম কোয়ারেন্টাইন সম্পন্নকারী ব্যক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ।

পরে সনদপত্রগুলো বিভিন্ন থানায় প্রেরণ করা হলে। যেসব সম্মানিত নাগরিক যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন তাঁদেরকে উৎসাহিত করতে প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ তাদের ঘরে ঘরে গিয়ে তাঁদের হাতে সনদ তুলে দেন।
এছাড়া পুলিশ কমিশনার মহোদয় জর্ডান থেকে প্রশিক্ষণ শেষে ফিরে আসা সিএমপির ২৫ জন পুলিশ সদস্যকে সফলভাবে হোম কোয়ারেন্টাইন সমাপ্ত করায় এই সনদ পত্র প্রদান করেন।
এই সনদপত্র বিতরণ প্রক্রিয়া নগরীর সকল নাগরিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ এবং হোম কোয়ারেন্টাইন সংক্রান্তে এক ধরণের প্রনোদনা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিএমপি কমিশনার।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম/পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কেএ/বার্তাবাজার