কাজ করার সময় ঝড়ো হাওয়ার সাথে হওয়া বজ্রপাতে মারা গিয়েছে তিন লবণ শ্রমিক। শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
বজ্রপাতে নিহতরা হলেন- হোয়ানক ইউনিয়নের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহমদের ছেলে মোহাম্মদ মানিক (১৭), পেকুয়া উপজলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) এবং বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৭)।
মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ জানান, শনিবার বিকেলে মহেশখালীতে বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হোয়ানক ইউনিয়নের মানিক মইন্ন্যাঘোনা ও আন্নুঘোনা লবণ মাঠে ২ জন এবং বড় মহেশখালী ইউনিয়নের কালাপাইন্ন্যা ঘোনার লবণ মাঠে কাজ করার সময় ১ জন শ্রমিক বজ্রপাতে আহত হয়।
তাদের উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসজে