চট্টগ্রামে আরো একটি বাড়ি লকডাউন

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর আত্মীয়ের বাড়ি লক ডাউন করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল) ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার বদি আলমের তিন তলা বিশিষ্ট একটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জানা যায়, বদি আলম ও তাঁর পরিবার চট্টগ্রামের দামপাড়ায় করোনা আক্রান্ত প্রথম রোগীর নিকটাত্মীয়। আত্মীয়তা সূত্রে শুক্রবার দামপাড়াস্থ করোনা আক্রান্ত রোগীকে প্রথমে তার বাসা ও পরে জিইসি মোড়ে অবস্থিত ন্যাশনাল হাসপাতালে দেখতে গিয়েছিলেন। রোগী দেখতে গিয়ে তারা সকলে করোনা রোগীর খুব সন্নিকটে অবস্থান করেছেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার বলেন, “পাঠানটুলী এলাকায় বদি আলম নামে এক ব্যক্তির তিন তলা ভবনের বাসিন্দারা দামপাড়ায় আক্রান্ত রোগীর আত্মীয়। আত্মীয়কে দেখতে গিয়ে করোনার সংক্রমণের আশঙ্কা প্রবল হওয়াতে আমরা ও জেলা প্রশাসন সচেতনতা স্বরূপ উক্ত বাড়িকে লক ডাউনে রেখেছি এবং সেই বাড়ির আশপাশে ব্যক্তি সাধারণের চলাচলে কড়া নজরদারি রেখেছি।” সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, “লকডাউন হওয়া বাড়ির মালিক বদি আলম দামপাড়ায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয়। সম্পর্কে তিনি তাঁর ভায়রা হন। অসুস্থতার কথা শুনে তিনি ও তাঁর পরিবার দামপাড়ায় গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তিকে দেখতে। এছাড়াও তারা আক্রান্ত ব্যক্তিকে দেখতে ন্যাশনাল হাসপাতালেও গেছেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। তাই প্রশাসন বাড়িটি লকডাউন করেছে।”

প্রসঙ্গত, শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একরোগীর করোনাভাইরাস শনাক্ত হয়। তার মেয়ে এবং মেয়ের শ্বাশুড়ি ১২ মার্চ সৌদিআবর থেকে ওমরা হজ্ব পালন করে এসেছেন। করোনা শনাক্ত হওয়ার পর দামাপাড়ার ৬টি, চন্দনাইশে আরেক নিকট আত্মীয়ের বাড়ি এবং সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়ি লকডাউন করা হয় রাতেই। এ নিয়ে একই ঘটনায় ৮টি বাড়ি লকডাউন হলো। ওই ব্যক্তিকে চিকিৎসা সুবিধা দিয়ে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হসপিটালের প্রায় ২৪ জন চিকিৎসক, স্টাফ হোম কোয়ারেন্টাইনে আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর