সামাজিক দূরত্ব ও দোকান বন্ধের কথা বলায় পুলিশের ওপর হামলা, আহত ৪
ফরিদপুরের বোয়ালমারীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব লাঘবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও দোকান বন্ধের কথা বলায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ৪ সদস্য গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে ময়েনদিয়া বাজারে চায়ের দোকানদার মালেক ও রডসিমেন্টের ব্যবসায়ী নজরুল ইসলামকে দোকান বন্ধ করতে বলায় পুলিশের সাথে কথা কাটাকাটি হয়।
ঘটনার সময় উপস্থিত বাজার বণিক সমিতির সভাপতি ও পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ. মান্নান মোল্যার সাথেও পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ মান্নান মোল্যাকে সামাজিক দুরত্ব বজায় রেখে কথা বলতে বলেন। এ সময় মান্নান মোল্যার ছেলে হারেজ মোল্যা, মালেক মোল্যার ছেলে হাসান ও ফুরকানের নেতৃত্বে পুলিশের ওপরে লাঠিসোঠা নিয়ে হামলা করে।
হামলায় বোয়ালমারী থানার এসআই শাহাদাত হোসেন (৩৬), এএসআই পিজুস বৈরাগি (৪৩), কনস্টেবল ফরহাদ (৩৮) ও জালাল উদ্দীন (৫২) আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মান্নান মোল্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ যেভাবে কাজ করছে, তাতে এই হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা বাড়াতে ময়েনদিয়া বাজারের চায়ের দোকান ও রড সিমেন্টের দোকান বন্ধ রেখে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বললে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ হামলায় আমার এক অফিসারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
কেএ/বার্তাবাজার