ইবিতে চিকিৎসক ও নিরাপত্তা কর্মীদের মাঝে পিপিই বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুরক্ষামুলক ব্যবস্থার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীদের মাঝে পারসোন্যাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই পিপিই বিতরণ করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের হাতে এসকল সুরক্ষা সামগ্রী তুলে দেন বলে জানিয়েছেন প্রক্টর এবং করোনা ভাইরাস প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

তিনি বলেন, মেডিকেল সেন্টারকে ১০ সেট এবং ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও করোনা প্রতিরোধ সেলকে যেহেতু মাঠে কাজ করতে হয় তাই তাদের সুরক্ষার কথা বিবেচনা করে ৫০ সেট সুরক্ষা এপ্রন এবং সেই সাথে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

সুরক্ষা সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়কে করোনা ভাইরাস মুক্ত রাখতে গত ২১ মার্চ সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধ সেল গঠন করা হয়। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও এর পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় এবং কুষ্টিয়া ও ঝিনাইদহে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন ও জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে যা ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে বলে জানা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর