ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার তৃতীয় লিঙ্গের ৫শ’ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এসব সামগ্রী তুলে দেন।
আগামী সপ্তাহে আরো ৫শ’ মানুষকে ত্রাণ সাহায্য দেয়া হবে বলে জানিয়েছেন আতিকুল ইসলাম। তিনি জানান, দরিদ্ররা যদি ফেসবুকে যোগাযোগ করে করে তবে তাদের ঘরে ত্রাণ পৌছে দেয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের ১৫ দিনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনা সঙ্কট চলাকালে নগরীর তৃতীয় লিঙ্গের মানুষদের সার্বিক সাহায্য করবে সিটি করপোরেশন।
করোনা সংক্রমন প্রতিরোধে নগরবাসীকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সতর্কতা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি বিত্তবানদের শৃঙ্খলা মেনে ত্রাণ বিতরণ করার জন্য অনুরোধ জানান মেয়র।
এদিকে ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃতীয় লিঙ্গের এসব মানুষ। তারা জানিয়েছেন, গত কয়েকদিনে লকডাউন থাকায় তারা খাদ্যসঙ্কটে পড়ে খুবই কষ্ট করেছেন। ১৫ দিনের খাদ্য পাওয়ায় নিশ্চিন্ত হয়েছেন তারা।
বার্তা বাজার / ডাব্লিও.এস