করোনায় আক্রান্ত র‍্যাব সদস্যের শ্বশুরবাড়িসহ ১৫টি বাড়ি লকডাউন

টেকনাফ শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) একজন সদস্যের করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে। ফলে গত কয়েকদিন আগে তার সংস্পর্শে আসা কক্সবাজারের টেকনাফের ৭টি বসতবাড়ি, ৭টি দোকান ও ১টি ল্যাবসহ ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় করোনা শনাক্ত র‍্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফে। গত ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনি টেকনাফে অবস্থান করছিলেন। ঢাকায় ফিরে তার করোনা শনাক্ত হয়। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টেকনাফে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। তবে শ্বশুরবাড়িতে বেড়াতে আসার পর ফিরে যাওয়া বর্তমানে ঢাকায় অবস্থানরত একজন র‍্যাব সদস্যের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে। তার পরিবারের সংস্পর্শে আসা টেকনাফ পৌরসভার ৬টি বাড়ি ও ৭টি দোকান, ১টি কেয়ারল্যাব এবং সাবরাং শাহপরীর দ্বীপে ১টি বাড়ি লকডাউন করা হয়েছে। আতঙ্কিত না হয়ে এবং বিভ্রান্তি না ছড়িয়ে আমরা সকলেই সচেতন হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
সময় টিভি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর