নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রসুলবাগে করোনা ভাইরাসে এক নারীর মৃত্যুর পর এবার পাশের এলাকা কদমরসুল পূর্বপাড়া এলাকাতেও সর্দি জ্বরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরপর দুটো মৃত্যুর পরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে স্তব্ধ পুরো এলাকা।
শুক্রবার ( ৩এপ্রিল) সকালের দিকে জ্বর-সর্দি জনিত সমস্যায় মারা যায় মাইনউদ্দিন (৬৫) নামের এক ব্যাক্তি। এর আগে গত সোমবার পাশের এলাকায় এক নারীর করোনায় মৃত্যু হয়।
মাইন উদ্দিনের ছেলে মমিনউদ্দিন বলেন, ডায়াবেটিসে আক্রান্ত তার বাবা গত ৫/৬ দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। শুক্রবার সকালে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়ার আগেই বেলা ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি জানান, জ্বর-সর্দিতে ভুগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে মুহূর্তের মধ্যে মহল্লা শূন্য হয়ে পড়ে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় লাশ দাফন করতে চরম বিপাকে পড়তে হয়েছে বলে তিনি জানান।
বন্দর উপজেলার ইউএনও শুক্লা সরকার বলেন, দুজনের মৃত্যুর পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জনসমাগম না করে ৭-৮ জনের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুযায়ী লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে