দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে শহরের রাস্তায় গৃহহীন মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) সমাজসেবা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যসামগ্রী সহায়তা গ্রহণে অনেক অসহায় মানুষের ব্যক্তি সম্মান বিবেচনায় তালিকা প্রণয়ন করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এ কাজ স্থানীয় জনপ্রতিধিদের সঙ্গে সমন্বয় করে করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শহরের রাস্তায় রাত কাটানো বাস্তুহীন মানুষদের করোনা ঝুঁকি হ্রাস ও আবাসন সহায়তা দিতে সরকারি আশ্রয় কেন্দ্র তাদের জন্য নিরাপদ হবে। সেই বিবেচনায় সমাজসেবা অধিদফতর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তায় রাস্তায় বসবাসরত গৃহহীনদের সরকারি আশ্রয় কেন্দ্রসমুহে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে শুক্রবার ১৯ গৃহহীন মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্র, মিরপুরে স্থানান্তর করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাজসেবা অধিদফতর বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার্তাবাজার/এমকে