সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী বিতরণ করার খবরটি গুজব ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
শুক্রবার (০৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’
ইহসানুল করিম আরও বলেন, “এখন থেকে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী” এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
বার্তাবাজার/এমকে