সাঈদীর মুক্তি চেয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

জামায়াত নেতা ও সাজাপ্রাপ্ত আসামি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিহাদুল ইসলাম তার পদ থেকে বহিষ্কার হয়েছেন।

বহিষ্কৃত জিহাদুল ঢাকা বঙ্গবন্ধু আইন কলেজে অধ্যয়নরত। এর আগে সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিহাদুল ইসলাম গত (২৯ মার্চ) তার ফেসবুক আইডি থেকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কারামুক্তি দাবি করেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে আসলে গত বৃহস্পতিবার জরুরি এক সভায় মিলিত হন ছাত্রলীগের নেতারা। সভায় সর্বসম্মতিক্রমে জিহাদুলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটক করে কেউ বেশিদিন টিকতে পারে না। অনেকেই সুযোগ বুঝে ভোল পাল্টিয়ে দলে ভিড়েছে। কিন্তু একটা সময় তাদের আসল চরিত্র ফুটে উঠে। সেই রকমই কাজ করেছে জিহাদুল ইসলাম। ফলে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর