নিজেদের রেশন ও বেতনের টাকায় দুস্থদের খাবার দিচ্ছে ডিএমপির উত্তরা বিভাগ

চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ।পাশাপাশি উত্তরা বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের নিজের রেশন ও বেতনের টাকায় দিনমজুর ও দরিদ্র মানুষের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল।

গত ১ এপ্রিল থেকে প্রতিদিন পাঁচশো গরীব,অসহায় ও দুস্থ মানুষদের একবেলা করে খাবারের ব্যবস্থা করেছে উত্তরা বিভাগ।এই খাবারে রয়েছে সবজি খিচুরি ও ডিম।

উত্তরা বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের রেশন ও বেতনের টাকায় পরিচালিত হচ্ছে এই কর্মসূচী।প্রতিদিন প্যাকেটে করে এসব খাবার পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের পরিবারের কাছে।

এ ব্যাপারে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন- ‘ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়িতে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অসহায় পরিবারদের মাঝে খাবার দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগ অপরাধ কমতেও সাহায্য করবে জানিয়ে নাবিদ কামাল বলেন-‘ মানুষের ঘরে খাবার না থাকলে মানুষের ক্রাইম করার চিন্তা কাজ করতে পারে।এলাকায় চুরি,ছিনতাইসহ অন্যান্য অপরাধও বাড়তে পারে।তাই এটা দু’দিকেই ভূমিকা রাখবে।

এর আগে উত্তরা বিভাগের ছয়টি থানা থেকে পাঁচশো জন দুস্থ ও ছিন্নমূল মানুষের তালিকা তৈরি করা হয়েছে।সামাজিক দূরত্ব বজায় রাখতে টোকেন কার্ড বিতরণ করা হয়েছে।টোকেন কার্ডে দেওয়া ঠিকানা অনুযায়ী তাদেরকে প্রতিদিন খাবার সরবরাহ করা হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর