করোনায় ব্রিটেনে একদিনে ৬৮৪ জনের মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে আরও ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৩ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে একদিনে সর্বোচ্চ ৬৮৪ জনের প্রাণহানি। এর আগে গতকাল দেশটিতে ৫৬৯ জন মারা যায়। যা আগের দিনের তুলনায় ২৪ শতাংশ বেশি ছিল।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত এক লাখ ৭৩ হাজার ৭৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ১৬৮ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে এখনও করোনার মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। শুক্রবার আইসোলেশন থেকে বের হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, জনসনের শরীরে এখনও মৃদু উপসর্গ আছে। গত ছয়দিন ধরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির মন্ত্রিসভার আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্কটিশ মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে গেছেন।

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যান। বুধবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়, প্রিন্স চার্লস করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর