মহামারি করোনার মধ্যে দুস্থ মানুষের সাহায্যের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা থেকে ২৪ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।
শুক্রবার (০৩ এপ্রিল) নিশ্চিত করেছেন বিষয়টি অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তারারা তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা স্বেচ্ছায় অনুদান দিচ্ছেন দুস্থ মানুষের সাহায্যের জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই টাকা দেয়ার আদেশ দেয়া হয়েছে। স্বেচ্ছায় এই টাকা করোনা মোকাবেলার তহবিলে দান করছেন তারা।
অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষক নেতা, কর্মচারীদের সংগঠন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনায় বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে অর্থ সংগ্রহ শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো ফসিউল্লাহ বলেন, শিক্ষক নেতা, কর্মচারীদের সংগঠন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা আমাদের সাথে আলোচনা করে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ও কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের সহায়তায় বৈশাখী ভাতার টাকার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে বৈশাখী ভাতার ২০ শতাংশের বেশি দিতে চাচ্ছেন। তাদের ইচ্ছাও বিবেচনা করা হবে।
মহাপরিচালক আরও বলেন, চলতি বছর নববর্ষ বা বৈশাখী উৎসব পালন না করার নির্দেশনা এসেছে। তবে ইতোমধ্যেই অধিদপ্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ টাকা ছাড় হয়েছে। সারাদেশের প্রাথমিকের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ ১২০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
বার্তাবাজার/এমকে