বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একটি অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আর তার স্বামী অভিনেতা রণবীর সিং স্ত্রীর স্যান্ডেল হাতে পেছনে দাঁড়ানো-এমন একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
কেউ কেউ তো রণবীরকে ‘যত্নশীল স্বামী’ হিসেবেও আখ্যা দিয়ে দিয়েছেন।
সম্প্রতি মুম্বাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে এভাবেই ক্যামেরাবন্দি হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
সেখানে কেবল মানুষের ভিড় থেকে স্ত্রী দীপিকাকে শুধু রক্ষাই করেননি রণবীর, হাতে আঁকড়ে ধরেছিলেন তার স্যান্ডেলজোড়াও। ভক্তরা বলছেন, এই না হলে হাবি!
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘‘একমাত্র এমন মানুষেরাই নারীর মন জয় করে নিতে পারে।’’
আরেকজনের ভাষায়, ‘‘দীপিকা সৌভাগ্যবতী, রণবীর যথেষ্ট ভদ্রলোক, কীভাবে যত্ন নিতে হয় জানেন।’’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করার পর গত বছরের নভেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন দীপবীর।