হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আসা ব্যক্তির মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার মহম্মদপুর থেকে করোনা উপসর্গ নিয়ে আসা বাকি মোল্যা(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টায় তার মৃত্যু হয়। মৃত বাকি মোল্যা মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরি গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে। তার মৃত্যুতে তার নিজ বাড়ি ও আশপাশের এলাকা তাৎক্ষণিক লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, বৃহস্পতিবারে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

করোনার সব উপসর্গ তার মধ্যে সন্দেহ হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরের দিন শুক্রবার সকালে তার অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জামান জানান, মাগুরার মহম্মদপুর থেকে ওই ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এরপর তার উপসর্গ দেখে তাকে ওয়ার্ডে ভর্তির জন্য পাঠায়।

রোগির আত্মীয়-স্বজন তাকে নিয়ে ওয়ার্ডে যাওয়ার সময় তিনি মারা যান। পরে তাকে ওয়ার্ডে নিয়ে গেলে মৃত থাকায় আর ভর্তি নেননি সেখানে থাকা চিকিৎসক। এসময় রোগির আত্মীয়-স্বজন দ্রুত সেখান থেকে মাগুরা রওনা হয়ে চলে যায় মৃতদেহ নিয়ে। তারা মৃতের ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটিও নেননি বলে তিনি জানান।

মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, করোনার নানা উপসর্গ নিয়ে বাকি মোল্যার মৃত্যু হওয়ায় তাৎক্ষণিকভাবে তার বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া বাকি মোল্যার বাড়ির লোকজনসহ তার সংস্পর্শে থাকা লোকজনকে আইসোলেশনে (বাড়ির মধ্যে) রাখা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর