কর্মচারীদের জন্য নিজস্ব উদ্যোগে সুরক্ষা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ মতিয়ার রহমানের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক চলমান পরিস্থিতিতে তার দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণি, মাস্টাররোল ভিত্তিক, এলসিএসসহ গরীব কর্মচারীদের জন্য নিজস্ব উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) এলজিইডি গোপালগঞ্জ অফিস চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ৫০ জন কর্মচারীদের মাঝে (প্রতি পরিবারের জন্য ১০-কেজি চাল, ২-কেজি ডাল, ৩-কেজি আলু, ২-কেজি পেঁয়াজ, ১-লিটার রান্নার তেল, ১-কেজি লবণ, দুই প্রকার সাবান, মাস্ক ও হ্যান্ডগ্লবস) বিতরণ করেন।
এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অবস্থা নিরসনকল্পে যেসব মাস্টাররোল অথবা এলসিএস কর্মী যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য নিজস্ব উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এসময় এলজিইডি গোপালগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস.এম.জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ রবিউল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবিক এ উদ্যোগকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্বাগত জানিয়েছেন।
বার্তাবাজার/এমকে