প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫৩ জনের। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে গত ২৫ মার্চ গোটা দেশে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই ঘোষণার ঠিক ৯ দিনের মাথায় শুক্রবার (০৩ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি।
এ সময় তিনি বলেন, দেশবাসী খুব শৃঙ্খলা দেখিয়েছেন। ১৩০ কোটির শক্তি সকলের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, লকডাউনের সময় আপনাদের ভূমিকা প্রশংসনীয়। আপনারা সরকারের আবেদনে যেভাবে সাড়া দিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব।
মোদি বলেন, ‘৫ এপ্রিল সকলের থেকে ন’মিনিট চাইছি। ওই দিন রাত ৯টায় ঘরের সব আলো নিভিয়ে দিন। ওই সময় ঘরের সামনে মোমবাতি, প্রদীপ, টর্চ, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাবেন। এতে বোঝা যাবে সকলে একসঙ্গে লড়ছে। দুনিয়ার কোনও শক্তি আমাদের হারাতে পারবে না। লকডাউনে ঘরে থাকলেও কেউ একা নন। করোনার বিরুদ্ধে আমরা জিতব।’
এর আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ২২ মার্চ (রোববার) ভারতজুড়ে একদিনের জনতা কারফিউ ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবং তারপরই দ্বিতীয় ভাষণে তিনি দেশবাসীর কাছে ২১ দিন চেয়ে নেন আর সেই চাওয়া আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতজুড়ে চলছে করোনা বিরোধী লকডাউন।
বার্তাবাজার/কে.জে.পি