করোনা মোকাবিলায় ভারতকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করছে বিশ্ব ব্যাংক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দু’‌হাজার ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এই পরিস্থিতিতে দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাঙ্ক।

বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, ‘‌করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করা হবে।’‌ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭ হাজার কোটি টাকারও বেশি।

বিশ্বব্যাঙ্কের এই ত্রাণ প্রকল্পে বিশ্বের ২৫টি দেশকে সাহায্য করতে মোট খরচ করা হচ্ছে ১.‌৯ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বিশেষভাবে চল্লিশটি দেশকে করোনার বিরুদ্ধে লড়াই দ্রুততর করার জন্য আলাদা করে সাহায্য করা হবে। এদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ সাহায্য পাচ্ছে ভারত।

বিশ্বব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতকে এক বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করা হবে। মূলত, করোনা ভাইরাস আক্রান্তদের নির্দিষ্ট করতে অপেক্ষাকৃত উন্নততর পরীক্ষা, এটি ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ছে কিনা তা দেখা, গবেষণাগারে চিকিৎসা পদ্ধতির উন্নতি ও চিকিৎসাকর্মীদের হাতে পিপিই কিট পৌঁছে দেওয়ার কাজে এই অর্থ ব্যয় করা যাবে। এছাড়াও এই অর্থ দিয়ে ভারত নতুন করে অর্থনৈতিক অবস্থারও উন্নতি করতে পারবে।

দক্ষিণ এশিয়ায় আবার বিশ্বব্যাঙ্ক পাকিস্তানকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার, আফগানিস্তানকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার, মালদ্বীপকে ৭.৩ মিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কাকে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে। আগামী দিনে ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রক্রিয়াও শুরু করা হয়েছে। যে অর্থ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করবে পৃথিবীর বিভিন্ন দেশ। তারপর ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করবে তারা।

দারিদ্র, অর্থনৈতিক দুরবস্থা, গণপারিবারিক স্বাস্থ্যব্যবস্থা এবং পরিবেশ, এই সমস্ত বিষয়গুলি বিশ্বব্যাঙ্কের এই অর্থ সাহায্যের মূল কেন্দ্রে রয়েছে। বিশ্ব ব্যাঙ্ক আপাতত মাথায় রাখতে চেয়েছে, কীভাবে এই মহামারীর প্রকোপ কাটানো যায়। বিশ্বব্যাঙ্কের স্বাস্থ্যবিষয়ক দল পৃথিবীর প্রায় প্রতিটি দেশে কাজ করছে। বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস জানিয়েছেন, ‘‌করোনার বিরুদ্ধে উন্নততর দেশগুলির লড়াইকে মজবুত করতে এবং অর্থনৈতিক দুরবস্থা থেকে দ্রুত উন্নতির স্বার্থে বিশ্বব্যাঙ্ক কাজ করে চলেছে।’‌ গরীব ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া দেশগুলি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করছেন তাঁরা। সেই কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যাতে এর বিরুদ্ধে সহজে লড়াই করতে পারে তাই অঞ্চল ভিত্তিক সাহায্য এবং স্বাস্থ্য বিষয়ক দল পৌঁছে দেওয়ার কাজ বিশ্বব্যাঙ্ক করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর