সাংবাদিক পেটানো সেই চেয়ারম্যান পুত্র কারাগারে

সরকারি চাল আত্মসাতের অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতনের মামলায় চেয়ারম্যান পুত্র আদনান রহমান নাবিল ওরফে নাবিল হায়দারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার বোরহানউদ্দিন উপজেলা সদরের নিজ বাসা থেকে নাবিলকে গ্রেফতার করে পুলিশ।

আদালতের জিআরও মিলন হোসেন জানান, বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন নাবিলের বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন। আদালত শুনানির তারিখ ঘোষণা করে নাবিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বোরহানউদ্দিনের বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিল হায়দারের বিরুদ্ধে সরকারি চাল চুরির অভিযোগ করেন সাংবাদিক সাগর চৌধুরী। ওই ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে ওই সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন নাবিল।

পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় নাবিলসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ওই সাংবাদিক। পরে নাবিলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করেছে।

শুনানি শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর