বই বিক্রির পুরো টাকা পাবে অসহায়রা

ব্যতিক্রমী উদ্যোগ রাবি ও রুয়েটের দুই শিক্ষার্থীর লকডাউনে অসহায় পরিবারদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই শিক্ষার্থী ও লেখক।

নিজেদের বই বিক্রির সমস্ত অর্থ অসহায় ও দুস্থ পরিবারদের খাদ্যসামগ্রী কিনতে ব্যয় করার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেইসবুক টাইমলাইনে এই ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও কবি খুর্শিদ রাজীব।

ওই স্টেটাসে তিনি লেখেন, ‘চলতি বইমেলায় আমার প্রথম কাব্য এবং আমার বন্ধু রায়হানুল ফেরদৌস রাজের প্রকাশিত তিনটি বই ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছি। এই চারটি বই বিক্রির সমমুদ টাকা ব্যয় করা হবে লকডাউনে অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য খাদ্য সামগ্রী কেনায়।’

স্টেটাসে কবি খুর্শিদ রাজীব আরও লেখেন, ‘আপনারা বই কিনুন। আপনি একটি বই কিনলে সেই অর্থ দিয়ে আমরা একটি অসহায় পরিবারের পেটে আহার যোগাতে পারবো।’

তারা জানান, প্রতিটি বইয়ের গায়ের মূল্য ও কুরিয়ার চার্জসহ খরচ পড়বে ২০০ টাকা। আগ্রহীরা এই অর্থ ব্যয় করে প্রতিটি বই কিনতে পারবেন। চাইলে আগ্রহীরা এর অতিরিক্ত অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। বই কেনার জন্য আগ্রহীদের এই নম্বরে (০১৭৫৫১৬৪৮৫৫) নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

এই ব্যাপারে কবি খুর্শিদ রাজীব বলেন, করোনা সংকটে গোটা বিশ্বের মত বাংলাদেশও আক্রান্ত। সরকারের একার পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়।

তাই সকলকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সেই কথা মাথায় রেখে আমরা সামান্য এই উদ্যোগ নিয়েছি। এরকম ছোটছোট উদ্যোগই বাংলাদেশকে করোনা সংকট মোকাবেলায় সফল করবে।

জানতে চাইলে লেখক রায়হানুল ফেরদৌস রাজ বলেন, প্রত্যেকেই কিছু না কিছু করছে নিজেদের জায়গা থেকে। আমাদের সম্পদ বলে এই বইগুলো। একটি বই কেনা মানে একটি পরিবারের পাশে দাঁড়ানো। এই বিপদে বইগুলোর মাধ্যমে যদি কিছু পরিবার সাহায্য পায় তবেই আমরা সার্থক হবো।

প্রসঙত, চলতি বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় কবি খুর্শিদ রাজীবের প্রথম কাব্যগ্রন্থ ‘জীবন্ত ফসিল’। রাবিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এই শিক্ষার্থী কবিতা লেখার পাশাপাশি ক্যাম্পাসে দৈনিক জনকণ্ঠের রাবি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেন।

অন্যদিকে, চলতি বইমেলায় প্রকাশিত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ও লেখক রায়হানুল ফেরদৌস রাজের তৃতীয় বই ও গল্পগ্রন্থ ‘প্রহর শেষের আলিঙ্গন’। এর আগে তার ‘হাইওয়ে’ ও ‘মায়াবী হাতছানি’ উপন্যাস দুটি প্রকাশিত হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর