ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় সর্দার (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় বাগেরহাট জেলার ফকিরহাট থানার মো. ইলিয়াস সর্দারের ছেলে।

স্থানীয় হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, নিহত হৃদয় সর্দার তার ব্যবহৃত মোটরসাইলে তার খালাত ভাই রুবেলকে (৩০) নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় ভুলক্রমে লেন পরিবর্তণ করে অপরদিক থেকে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই চালক হৃদয় সর্দার নিহত হয় ও আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশটি থানায় নিয়ে আসে এবং আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর