ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর শিশু নুপুর হত্যা মামলার আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা শিশু নুপুর (৮) হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পুলিশ।

পুলিশের পরিদর্শক জিয়ারুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত (১৯ মার্চ) বৃহস্পতিবার ২য় শ্রেণী পড়ুয়া শিশু নুপুরের লাশ ঠাকুরগাঁও সত্যপীর ব্রীজের ডিসি পার্ক (২নং গেট) সংলগ্ন জঙ্গলের ভেতরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। এ চাঞ্চল্যকর হত্যার আসামী ধরতে নজর রাখা হয় ওই এলাকায় আড্ডা দেওয়া ব্যক্তিদের উপর। সন্দেহভাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরই মাঝে ঠাকুরগাঁও নারগুন ইউনিয়নের কহরপাড়া (শুখানপুকুর) এলাকার সন্দেহভাজন শরিফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৬) কে একাধিকবার থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যা করেছে বলে স্বীকার করে।

স্বীকারোক্তিতে জাহিদ জানায়, সেদিন ডিসি পার্কে শিশু নুপুরকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশু নুপুর তাকে চিনতে পেরে বাসায় গিয়ে তার বাবা মাকে বলে দিবে বলে চিৎকার করে। এতে ভয় পেয়ে জাহিদ নুপুরের স্কার্ফ দিয়ে গলায় পেচিয়ে হত্যা করে ও পাশে থাকা গর্তে পুতে রেখে হাল্কা মাটি ও আমের ডাল দিয়ে ঢেকে দিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

উল্লেখ্য, হত্যাকান্ডের শিকার নুপুর পঞ্চগড় জেলার রিক্সাচালক হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া থাকতেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর