নিজ কাঁধে খাদ্যসামগ্রী নিয়ে ঘরবন্দী মানুষের বাড়িতে এমপি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের মানুষ যখন বাধ্য হয়েই ঘরে থাকছেন, তখন ঘর থেকে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন সাতক্ষীরা-৪ আসনের সরকার দলীয় এমপি এসএম জগলুল হায়দার। তার এ ছুটে চলা গ্রাম ঘুরে দেখা কিংবা হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নয়। তিনি নিজের কাঁধে খাদ্যসামগ্রীর ব্যাগ বহন করে অভুক্ত, অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষগুলোর বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

২ হাজার পরিবারকে নিজের অর্থে এভাবেই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এমপি জগলুল। গতকাল দিনভর ও রাতে এমনভাবেই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘নিজের কাঁধে খাদ্য সামগ্রীর বস্তা নিয়ে আজ বিকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের শ্রমজীবী, অসহায়, ঘরবন্দী মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার সময়’।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার জানান, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আমি সামাজিক দূরত্ব বজায় রেখেই মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। এই মানুষগুলোই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি চাইলে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারতাম। কিন্তু এই অভুক্ত মানুষগুলোকে রেখে আমি ঘরে থাকতে পারি না। আর চার বছর পর আবার এই মানুষগুলোর কাছে ভোট চাইতে আসতে হবে।’

তিনি আরো বললেন, শুধু যে করোনার জন্য খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি তা নয়, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের পাশে আছি। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সারাজীবন মানুষের সেবা করে যাবো।’

জানা গেছে, সংসদ সদস্য জগলুল হায়দার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার গরীব-অসহায়, কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর