আগামী কয়েক সপ্তাহে ১ থেকে ২ লক্ষ মার্কিন নাগরিক মারা যেতে পারে

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১ থেকে ২ লক্ষ ৪০ হাজার মার্কিন নাগরিক মারা যেতে পারেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে— এমন আশঙ্কা প্রকাশ করেছিল হোয়াইট হাউস।

সারা বিশ্বে এখন সব চেয়ে বেশি করোনা-আক্রান্ত রয়েছেন আমেরিকায়— ২ লক্ষেরও বেশি। মারা গিয়েছেন সাড়ে ৪ হাজারের উপরে। করোনায় মৃতের সংখ্যার নিরিখে চিন, ফ্রান্স, ইরানকে এখন পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। আক্রান্তের সংখ্যার হিসেবে একা নিউ ইয়র্ক পেরিয়ে গিয়েছে গোটা চিনকে। নিউ ইয়র্কে এখন আক্রান্ত ৮৩,৭১২।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘‘সব নির্দেশ মেনে চলুন, এখন জীবন-মরণের প্রশ্ন।’’ তাঁর বক্তব্য, ‘‘আগামী দু’সপ্তাহে খুবই কঠিন দিন আসছে।’’ হোয়াইট হাউসে করোনা নিয়ে ট্রাম্পের তৈরি টাস্ক ফোর্সের সদস্য ডেবোরা ব্রিক্স গত কাল বলেন, ‘‘যথাযথ পদক্ষেপ করা না-হলে বিপুল মৃত্যুর সাক্ষী হতে হবে আমেরিকাকে।’’ তার পরেই সাংবাদিকদের সামনে কিছুটা গম্ভীর মুখে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘‘সামনে কঠিন দিন। আমি চাই, প্রত্যেক মার্কিন নাগরিক তৈরি থাকুন। দু’সপ্তাহ পরে বিশেষজ্ঞেরা যেমন বলছেন, হয়তো সুড়ঙ্গের শেষের আলোটা আমরা দেখতে পাব। কিন্তু তার আগের সময়টা খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে। মানুষকে আশ্বাস দিতে চাই। আমি দেশের চিয়ারলিডার!’’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর