প্রবাসী দেশে না আসার পরেও পরিবারকে পুলিশের হয়রানি

দেশে ফিরেনি ফ্রান্স প্রবাসী বরিশালের সিদ্দিক। অথচ পুলিশের দাবী সে দেশে এসেছে। আর সেই দাবীতেই বারবার বারবার পরিবারের লোকদের নানারকম হয়রানি করে আসছে পুলিশ। ফেসবুকে এমনই অভিযোগ করেছেন ফ্রান্সের প্যারিসে অবস্থানরত সিদ্দিক।

বরিশাল সদরে উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা সিদ্দিক গত ২৩ মার্চ ফেইসবুক লাইভে অভিযোগ করেন, বরিশালের গ্রামের বাড়িতে তাকে খোঁজ করছে পুলিশ। হয়রানি করছে পরিবারকে। পুলিশ দাবি করছে, ফ্রান্স থেকে দেশে এসে সরকারি নির্দেশনা মানছেন না সিদ্দিক।

ঘটনার সত্যতা জানতে তার গ্রামের বাড়িতে গিয়ে পাওয়া গেল আরও অভিযোগ। সিদ্দিকের খোঁজে কয়েক দফা পুলিশ আসে বাড়িতে, সবশেষ আসে বন্দর থানা ওসির নেতৃত্বে। সিদ্দিককে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করেন ওসি, এমন অভিযোগও তাদের।

সিদ্দিক খানের বাবা জানান, শুধু মারতে বাকি রাখছে তারা, আমাদের সবাইকে গালাগালি করেছে।

তবে, ওসি আনোয়ার তালুকদার অস্বীকার করছেন সিদ্দিকের পরিবারকে হয়রানির অভিযোগ। তার এখনো ধারণা, সিদ্দিক দেশেই আছেন। সংশ্লিষ্ট কোন দফতরের তালিকায় তার নাম আছে কিনা, সে বিষয়েও কোন তথ্য দিতে পারেননি ওসি।

কিন্তু ফেসবুক লাইভে এসে সিদ্দিক তার মোবাইল ঘুরিয়ে ফ্রান্সের বাসা ও আশেপাশের কম্পাউন্ড দেখান। তার ভিডিও থেকে প্রমাণ হয় তিনি দেশে নয় ফ্রান্সেই আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর