বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে করোনার সকল লক্ষণ ছিল। করোনা সন্দেহে বগুড়ার আইসোলেশন ইউনিটে ভর্তি এখন রোগী রইলো এক নারীসহ ৪ জন।
বুধবার (০১ এপ্রিল) বিকেলে খুব খারাপ অবস্থায় ওই কিশোর ভর্তি হয় মোহাম্মদ আলী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় মারা যায় সে। তার বাড়ি জেলার গাবতলি উপজেলার মহিষাবান এলাকায়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, বিকেলে গাবতলির মহিষাবান থেকে ১৩ বছরের এক কিশোর খুব খারাপ অবস্থায় এখানে ভর্তি হয়। রাত ৭টায় সে মারা গেছে।
এর আগে ওই কিশোর ৭ দিন যাবৎ দুই পায়ে ব্যথা, তিনদিন যাবৎ জ্বর নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। করোনার সকল লক্ষণ থাকার কারণে এবং বুধবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় ছেলেটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকেলে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. শফিক আমিন বলেন ছেলেটির করোনা নমুনাসহ ভর্তিকৃত সকল রোগীর নমুনা পরীক্ষার জন্য বুধবারই নিজস্ব পরিবহন যোগে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।
বার্তাবাজার/এমকে