ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোবাইল চুরির অপবাদে সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানপুত্র নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান নাবিলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার নাবিল হায়দার ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, নির্যাতনের ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী সাগর চৌধুরী বোরহানউদ্দিন থানায় নাবিলকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী সাংবাদিক সাগর চৌধুরী জানান, জেলেদের জন্য জনপ্রতি বরাদ্দকৃত চাল ৪০ কেজি হলেও ওই চেয়ারম্যান ২০ কেজি করে বিতরণ করেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়। এছাড়া রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় ছবি তোলার অপরাধে আমার ওপর নির্যাতন চালানো হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস