প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মার্চের প্রথম দিকে ওমরাহ হজ স্থগিত করে সৌদি আরব। সৌদির সেই স্থগিতাদেশ এখনো বহাল আছে। তবে হজ অনুষ্ঠিত হবে কিনা তা জানতে মুসলিম সম্প্রদায়কে অপেক্ষা করার জন্য বলেছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী মোহমাম্মদ বাতেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে এ আহ্বান জানান তিনি।
মোহমাম্মদ বাতেন বলেন, পবিত্র হজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রায়ত্ব আল-আখবারিয়া টেলিভিশনে তিনি আরও বলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা একটি বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি। এমন অবস্থায় সৌদি আরব মুসল্লি ও নিজের দেশের নাগরিকদের সুস্থ থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে হজ পালনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকার আহ্বান জানাচ্ছি আমরা।
প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে যান হজ পালন করতে। হজ সৌদি আরবের রাজস্ব আয়ের একটি অন্যতম উৎস।
চীনের উহান শহর থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত সৌদি আরবে দেড় হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস