সাতক্ষীরায় ১০ টাকা কেজি প্রতি চাউল কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার আটক

সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ১,২৭০ কেজি (৪২ বস্তা) চাউল কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। আটক মুজিবর সানা উপজেলার বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে। বুধবার সকালে আশাশুনি থানার ওসি আব্দুস সালাম উক্ত চাউলসহ ডিলার মুজিবর সানাকে আটক করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ও ইউনিয়ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন।

এদিকে, এ ঘটনায় আটক মুজিবর সানাসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ১,২৭০ কেজি চাউল (৪২ বস্তা) কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি উক্ত চাউল গুলো কালো বাজারছ বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার জনৈক শাহাজান আলী গাজীর দোকান ঘর থেকে উক্ত চাউল গুলো জব্দ করা হয়। এ সময় শাহজান গাজী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কালোবাজারে উক্ত চাউল বিক্রির অভিযোগে মুজিবর সানাকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটক ডিলার মুজিবর সানা ও পলাতক শাহজান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইতিপূর্বৈও ডিলার মুজিবর সানা গরীবের জন্য বরাদ্দ আসা এই চাউল কালোবাজার বিক্রি করলে ওই চাউল জব্দ করে স্থানীয়রা। পরে ওই চাউল ফেরত এনে গরীবদের মাঝে বন্টন করার পর সে যাত্রাই তিনি রেহাই পান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর