প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মীর মৃত্যু হয়েছে। দুই কর্মী বিদেশি মিশনে নিযুক্ত ছিলেন। একজন ইন্দোনেশিয়ায় ও অন্যজন কঙ্গোতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে যে দুই কর্মীর মৃত্যু হয়েছে তারা আমেরিকান নাগরিক নন। তারা স্থানীয়ভাবে নিযুক্ত ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন এক লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন করে সংক্রমিত হন ১৬ হাজার।
আর নতুন ৫০০ মৃত্যু নিয়ে সর্বমোট তিন হাজার ৬০০ আমেরিকানের মৃত্যু হয়েছে কোভিড-১৯ আক্রান্ত হয়ে।
প্রাণঘাতী এ ভাইরাসের লাগাম টেনে ধরতে গত সপ্তাহে সীমান্ত বন্ধ ঘোষণার পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করেন কঙ্গোর প্রেসিডেন্ট। গত ২৪ মার্চ পর্যন্ত দেশটিতে ৪০ জন আক্রান্ত ও তিনজন মারা গেছেন।
আর বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া। করোনাভাইরাস মোকাবেলায় বিদেশিদের চলাচল ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
মার্কিন চিকিৎসা কর্মকর্তা ইউলিয়াম ওয়াল্টারস জানিয়েছেন, আমেরিকার বাইরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া তাদের পাঁচ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস