মেহেরপুরে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে একজন হাসপাতালে ভর্তি হওয়ায় করোনা সন্দেহে হাসপাতাল ছেড়েছে রোগীরা। এমনকি কর্তব্যরত সেবিকারাও ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে সেবা দিতে ভয় পাচ্ছেন। জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগী করোনায় আক্রান্ত কিনা তা নির্ণয় করতে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গাড়াডোব গ্রামের মধ্যবয়সী একজন ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ওয়ার্ডের ভর্তিকৃত অন্যান্য রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। ওই রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে।
এ ঘটনায় সেবিকারাও আতঙ্কে রয়েছেন। পিপিই না থাকায় রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন তারা। রোগীকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান রোগীর স্বজনরা।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। হাসাপাতাল থেকে আইইডিসিআরে যোগাযোগ করেছি। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি না?
বার্তা বাজার / ডাব্লিও.এস