চট্টগ্রামে আইসোলেশনে থাকা শ্বাসকষ্টে আক্রান্ত এক নারীর মৃত্যূ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে নগরীর ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ আইসোলেশনে থাকা ওই নারীর মৃত্যু হয়। বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী একথা জানিয়েছেন।
মৃত ওই নারীর নাম আরফা বেগম (৫৫)। তিনি ট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।
ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, ‘ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই।
ওই নারী করোনা আক্রান্ত কিনা তা জানতে আজ (বুধবার, ১ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান ডা.হাসান।
উল্লেখ, ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। তবে তাদের কারও মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস