করোনা প্রতিরোধে আশুলিয়ার পানধোয়া বাজার ব্যবসায়ী সমিতির বিশেষ উদ্যোগ

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার ব্যবসায়ী সমিতি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। বুধবার (১ এপ্রিল) থেকে পানধোয়া বাজার এলাকার জরুরী ঔষধ বিক্রীর ডিসপেন্সারি বাদে অন্য সকল দোকান শুধুমাত্র সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় পানধোয়া বাজার ব্যবসায়ী সমিতির এক সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানান ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ হোসেন।

গণমাধ্যমকে তিনি জানান, মূলত গত কিছুদিন ধরে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত বাজার এলাকায় প্রচুর আড্ডা এবং অহেতুক মানুষের ঘোরাঘুরি দেখা যাচ্ছে। আর এসময় কেউই মানছেন না সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব।

এজন্যই এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এবং অতিরিক্ত জনসমাগম হ্রাস করতেই আমরা পানধোয়া বাজার ব্যাবসায়ী সমিতি বাজার এলাকায় আগামী ৯ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিকাল ৩ টার পর থেকে কোনো দোকান খোলা থাকবে না।

এসময় তিনি আরও উল্লেখ করেন, তবে অর্থ লেনদেনের বিষয়টি সামনে রেখে মোবাইল রিচার্জ ও বিকাশের দোকান এবং ডিসপেন্সারি আগের নিয়মেই খোলা থাকবে।

পরে সমগ্র পানধোয়া এলাকায় মাইকিং করে দোকান খোলা রাখার নতুন সময়সীমা সম্পর্কে এলাকাবাসীকে অবগত করানো হয়।
প্রসঙ্গত, সরকারি বন্ধ ঘোষণার পর থেকে পানধোয়া বাজার এলাকায় যেন স্থানীয় মানুষের মেলা বসে আসছে।

ছবি: বার্তাবাজার।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কয়েকদফা প্রতিবেদনও প্রকাশিত হয়। এঘটনার প্রেক্ষিতে বাজার এলাকায় আশুলিয়া থানার পুলিশ এসেও সাধারণ মানুষকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করে গিয়েছে। তবুও মানা হচ্ছিলো না সামাজিক দূরত্ব এবং অহেতুক ঘোরাঘুরি।

পানধোয়া বাজার কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এলাকায় বসবাসরত সচেতন মানুষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর